Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ, সকালে আধ-কিমিজুড়ে পায়ের ছাপ দেখলো গ্রামবাসী

 বাঘের পায়ের ছাপ নিশ্চিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও সুন্দরবন সুরক্ষায় ভিলেজ রেসপন্স টাইগার টিমকে (ভিটিআরটি) খবর দেয় তারা। 

খবর পেয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থলে যান। তারা আধ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ পায়ের চিহ্ন দেখতে পান। 

ভিটিআরটি লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে সুন্দরবন সংলগ্ন  শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর লোকালয় পাড়ে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। 

এরপরই তারা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করে দিচ্ছেন বলেও জানান তিনি।

লোকালয়ে বাঘের পায়ের ছাপ নিশ্চিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। 

বাঘটি লোকালয়ের কোন ঝোপঝাড়ে দিনের বেলায় লুকিয়ে রয়েছে, নাকি সুন্দরবনে ফিরে গেছে তা নিশ্চিত হতে বনরক্ষী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ ও ভিটিআরটি সদস্যরা এলাকায় অবস্থান করে তল্লাশি অব্যাহত রেখেছে।

.শরিফুল ইসলাম জানান, সারাদিন তল্লাশি করেও বাঘের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাঘটি ফের ভোলা নদী সাঁতরে সুন্দরবনে ফিরে গেছে। এই অবস্থায় বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে ও রাতে ঘরের বাইরে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।

   

About

Popular Links

x