আগামী ৫ বছরের মধ্যে ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা নির্ধারণ করেছে সরকার। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।
শূন্য পদে নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদ পূরণের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।”
মধ্যপ্রাচ্যের সংকটের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
তিনি আরো জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে ইতোমধ্যে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বর্তমানে সারাদেশে মোট ৩ লাখ ৮৭ হাজার ২১১টি যানবাহন ফুয়েল পাস সিস্টেমে নিবন্ধিত হয়েছে। সারাদেশে মোট ২২৩টি ফিলিং স্টেশন এ কার্যক্রমের আওতাধীন।
তথ্যমন্ত্রী বলেন, “২০২৯ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে।”
সরকার ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ (১০ হাজার মেগাওয়াট) নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।



