Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরগুনায় কোটি টাকার চিংড়ির রেণু পোনা জব্দ

অভিযানে ২৭২টি ড্রামে প্রায় ২২-২৫ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ  

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:০০ পিএম

বরগুনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) রাত আড়াইটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরগুনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “অভিযানে ২৭২টি ড্রামে প্রায় ২২ থেকে ২৫ লাখ রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমুল্য ৮০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা।” 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে রেনুপোনাগুলো বড়ইতলা ফেরিঘাট এলাকায় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, “ট্রাকসহ চালক থানায় আটক আছে। মৎস্য অধিদপ্তর যে ব্যবস্থা নেবে পরবর্তীতে আমরা আইনিভাবে তাদের সহযোগিতা করবো।” 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকারি অনুমোদিত দুটি চিংড়ি হ্যাচারি রয়েছে। তবে জব্দ করা রেণু পোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারির লাইসেন্স বা তথ্য পাওয়া যায়নি।

অভিযানে মূল হোতাদের আটক করা সম্ভব না হলেও দুই ট্রাকচালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রেণু পোনা পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেণু পোনা আহরণ, সংরক্ষণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

   

About

Popular Links

x