Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেড় বছরের শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে মা আটক

এ ঘটনায় অভিযুক্ত নারী মানসিক রোগে আক্রান্ত বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা

আপডেট : ২৩ মে ২০২৬, ১১:৩৬ এএম

সিলেটে দেড় বছর বয়সী এক কন্যাশিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) ভোরে সদর উপজেলার জালালাবাদ থানার কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। তার বাবার নাম আমির আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ঘরের ভেতরে থাকা দা দিয়ে নিজের মেয়েকে গলাকেটে হত্যা করেন মা সুবিনা বেগম। নামাজ শেষে বাড়ি ফিরে শিশুটির বাবা আমির আলী ঘরে ঢুকে শিশুটির মরদেহ দেখতে পান। এই নৃশংস দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে অভিযুক্ত মাকেও আটক করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, “সুবিনা তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে, এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না।”

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব বলেন, “সুবিনা বেগম মানসিক রোগে আক্রান্ত বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

   

About

Popular Links

x