সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে বিভাগটিতে।
শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত “হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬” শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯৫ জন রোগী।
মারা যাওয়া ৪ শিশু হলো, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী পুত্র আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী সন্তান আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রমেঙ্গলের ফারুক মিয়ার ৫ মাস বয়সী সন্তান নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ৬ মাস বয়সী সন্তান নিলয় রায়।
২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। এর মধ্যে ১৪ জন করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে এবং ১৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং ওসমানী হাসপাতালে ৫৮ জন ভর্তি রয়েছে।



