ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অসুস্থ স্বজনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুরে চিকিৎকার জন্য যাচ্ছিল মাদারীপুরের একই পরিবারের চার সদস্য। পথিমধ্যে যাত্রীবাহী বিআরটিসির একটি বাসের ওভারটেকিংয়ে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় রোগীবাহী অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই পরিবারের চার সদস্য ও অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন মাদারীপুর জেলা সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুর ওহেদ মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর মোল্যা (৬২) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) এবং ভাই আলমগীর হোসেন মোল্যা (৫৮) ও তার স্ত্রী খুরশিদ বেগম (৪৮)। এছাড়া অপর নিহত ব্যক্তি অ্যাম্বুলেন্সের চালক ছিলেন। তিনি মাদারীপুর সদরের সৈদারবালী এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে কাওছার মাতুব্বর (২৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ শেষ হয়েছে।”



