Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

আপডেট : ২৬ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরে দেশে আইনের শাসন ছিল না বলেই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো নজরে রাখা হচ্ছে। “তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি কঠোরভাবে নির্মূল করা হবে। এ দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না,” বলেন তিনি।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার সড়ক দুর্ঘটনা তুলনামূলক কম হয়েছে এবং বেশির ভাগ দুর্ঘটনাই মানুষের নিজের ভুলের কারণে ঘটছে। এজন্য যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, ঈদ উপলক্ষে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করছে। মহাসড়ক ও পশুর হাট সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পশুর হাটে জাল নোট শনাক্তের ব্যবস্থাও রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদ-পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী সময়েও এ কার্যক্রম চলবে।

সড়কে যানজট প্রসঙ্গে তিনি বলেন, টোল ব্যবস্থার আধুনিকায়নের বিষয়ে সড়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে। ডিজিটালাইজেশনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জে লোকনাথ উৎসব ও মাদারীপুরে কুম্ভ মেলার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে কয়েক শ সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্প গুঁড়িয়ে দেয় এবং উপস্থিত ব্যক্তিদের মারধর করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর সোমবার সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

   

About

Popular Links

x