Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব, দায়িত্ব নিল প্রশাসন

স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:১৯ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুটপাতে এক কন্যাসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন সেতুর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর শহর ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় কেউ তার পরিচয় জানতে চাইলে ভিন্ন ভিন্ন তথ্য দিতেন।

বৃহস্পতিবার (২৮ মে) মধ্যরাতে তার প্রসবব্যথা শুরু হয়। পরে শুক্রবার সকাল ৬টার দিকে ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন সেতুর গোড়ায় আশ্রয় নিয়ে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

সকাল ৭টার দিকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার সব ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, প্রায় দুই বছর ধরে ওই নারী কালকিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। আপাতত নবজাতকের দায়িত্বও উপজেলা প্রশাসন নেবে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগে একটি পক্ষ নবজাতকটিকে পাচার বা বিক্রির চেষ্টা করেছিল। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যাতে কেউ শিশুটিকে নিয়ে যেতে না পারে।

তিনি বলেন, “বর্তমানে মা ও শিশু চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তাদের দেখভালের জন্য নার্স ও জরুরি বিভাগের চিকিৎসকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x