রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আশা করছেন আইনমন্ত্রী।
এর আগে, গত ২৫ মে আইনমন্ত্রী বলেন, “১ জুন থেকে রামিসার মামলার বিচার শুরু হবে। ঈদের ছুটি শেষে যেদিন অফিস-আদালত খুলবে, সেদিন থেকেই এ মামলার বিচার কার্যক্রম শুরু হবে।”
সংবিধান সংশোধন কমিটি সর্ম্পকে তিনি বলেন, “সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের অবহিত করেছেন। বর্তমানে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনো অবস্থাতেই মাদককে ছাড় দেওয়া হবে না।
সরকারের পরিকল্পনা জানিয়ে মন্ত্রী বলেন, “সরকার সারা দেশে চার কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।



১ জুন থেকে শিশু রামিসা হত্যার বিচার শুরু হবে: আইনমন্ত্রী