ঈদ শেষে নৌপথে ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রী।
সোমবার (১ জুন) সকাল থেকেই টানা এক সপ্তাহ ছুটি কাটিয়ে বিড়ম্বনা ছাড়াই ঢাকায় ফিরতে পারছেন তারা।
এদিকে, যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের নৌপথে দক্ষিণাঞ্চলের দিকে রওনা হতে দেখা গেছে।
ঈদের ছুটি শেষে কর্মদিবস শুরু হওয়ার কারণে আজ সকাল সকাল থেকেই চাঁদপুর, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ নৌপথে লঞ্চে করে ঢাকার দিকে ফিরতে দেখা যায়। যাত্রীরা বলছেন, এবার লঞ্চ ভাড়া আগের মতো রয়েছে। ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছি।
চাঁদপুর থেকে সোনারতরী লঞ্চে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসা যাত্রী মো. শাফিন দেওয়ান জানান, এবারে ঈদে যেভাবে ভোগান্তি ছাড়া পরিবার পরিজন নিয়ে বাড়িতে গিয়েছি। ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি। চাঁদপুর থেকে যথাসময়ে লঞ্চ ছেড়েছে। বাড়তি ভাড়া গুনতে হয়নি। স্বাভাবিক সময় যেমন ভাড়া সে ভাড়া দিয়ে এসেছি।
এদিকে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন ইয়াসিন আরাফাত। তিনি জানান, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। ঈদে আমার ছুটি ছিল না। তাই এখন বাবা-মা পরিজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। ঘাটে তেমন চাপ নেই। স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, আজ থেকে কর্মদিবস শুরু হওয়ার কারণে সকাল থেকেই পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তবে ভোগান্তি ছাড়াই সুশৃংখলভাবে যাত্রীবাহী লঞ্চে করে ঘাটে আসছেন এবং যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তারা বাড়ি যাচ্ছেন।
মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. আব্দুল রাজ্জাক জানান, ঈদে এই নৌপথে ঘরমুখো যাত্রা যেমন নিবিঘ্ন ছিল, ফেরার পথেও কোনো বিড়ম্বনা নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারছে। এখন পর্যন্ত ঢাকায় ফিরতি যাত্রীর তেমন চাপ নেই। তবে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা চাপ বেড়েছে। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অনেকে আবার বাড়িতে যাচ্ছেন।



