Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে বয়স্ক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে রিট

রিটকারীর আইনজীবী জানান, আগামী সপ্তাহে রিটটির ওপর আদালতে শুনানি হতে পারে

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:২০ পিএম

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী সংবাদমাধ্যমে বলেন, “এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণের জন্য তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।”

আইনজীবী বলেন, “একজন মানুষ মারা যাওয়ার পর সাত দিন ধরে তার মরদেহ অমানবিকভাবে ঘরে পড়ে ছিল, কেউ তার খোঁজখবর নিলেন না। মৃত্যুটি অবহেলাজনিত কারণে হয়েছে কি না, সেটি একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।”

তিনি আরও জানান, উন্নত দেশগুলোর মতো বয়স্ক ও অচল নাগরিকদের জন্য সরকারিভাবে নার্স নিয়োগের বিধান রয়েছে। বাংলাদেশের সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

   

About

Popular Links

x