Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

সব সরকারি মেডিকেল কলেজে চালু হচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার 

ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথম চালু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:১২ পিএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। 

একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সেবার পরিধি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সহায়তা নিশ্চিত করতে সারাদেশে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কার্যক্রম জোরদার করা হচ্ছে। 

বুধবার (১০ জুন) সংসদের অধিবেশনে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী জানান, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথম চালু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। শুরুতে দেশের ৮টি পুরোনো মেডিকেল কলেজে এ কার্যক্রম চালু করা হয়। পরে আরও ৬টি নতুন মেডিকেল কলেজে সম্প্রসারণের মাধ্যমে মোট ১৪টি ওসিসি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। 

তিনি জানান, ওসিসিগুলোতে নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা, আইনি সহায়তা, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা এবং পুনর্বাসনসহ সমন্বিত সেবা প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে ২২ জন প্রশিক্ষিত জনবল থাকার কথা, যার মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আইন কর্মকর্তা ও অন্য সহায়ক কর্মী রয়েছেন। 

মন্ত্রী জানান, এ পর্যন্ত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে ৮১ হাজার ৯২৮ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন রয়েছেন। 

তিনি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের প্রতিটিতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেবার আওতা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।” 

ডা. জাহিদ হোসেন আরও জানান, বর্তমানে দেশে ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি জেলা সদর এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হয়েছে। ভবিষ্যতে দেশের ৬৪টি জেলা এবং পর্যায়ক্রমে সব উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

এ সময় সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী নারী ও শিশু নির্যাতনের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি জাতীয় গণসচেতনতা আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। 

 

   

About

Popular Links

x