Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জখম করার পর গণপিটুনিতে অভিযুক্ত একটি কিশোর গ্যাংয়ের প্রধান নিহত হয়েছেন

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:০৮ পিএম

বরগুনায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার পর গণপিটুনিতে অভিযুক্ত একটি কিশোর গ্যাংয়ের প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামিলি বাজার এলাকায় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল “কালু বাহিনী” নামে একটি গ্রুপ। এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাহিনীর সদস্যরা গোলাম মোস্তফার ওপর হামলা চালায়।

ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু এবং তার সহযোগী তাওহীদকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাওহীদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, নিহত ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে। এর আগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান।

তিনি আরও বলেন, “জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন কালু ও তার সহযোগীরা। এ ঘটনার জেরে হামলা ও পাল্টা গণপিটুনির ঘটনা ঘটে।”

   

About

Popular Links

x