চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত মাসুদ উল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলে) বেলায়েত হোসেন জানান, পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদ নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



