Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিহতরা সবাই সাঁতার জানতেন, এরপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। নিহত রাশেদুজ্জামান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের  দেলোয়ার মিয়ার ছেলে। অপর নিহত গালিব ও সুরাইয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম মিয়ার ছেলে। বর্তমানে তারা সবাই দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাদের খোঁজাখুজি করে তাদের না পেয়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন রাশেদুজ্জামান। সেই সুবাদে সিদ্ধিরগঞ্জের শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন রাশেদুজ্জামান।  দুপুরে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকরাম ও আকরামের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামে। এরপর তারা তিনজন পানিতে তলিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

   

About

Popular Links

x