বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের গত ছয় মাসে দেশের দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটেছে এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন (ছয় মাস) পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে পররাষ্ট্রনীতিতে বড় ধরনের রূপান্তর আনা হয়েছে। এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে সার্বভৌম সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই।
সভায় সরকারের গত ছয় মাসের অগ্রগতি ও বিভিন্ন গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ব্যবস্থা ও পেশাদার প্রশাসন গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গণপরিবহন খাতে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে ২০০টি নতুন ইলেকট্রনিক বাস আনার প্রক্রিয়া চলছে। জনগণের অভূতপূর্ব সমর্থনে ক্ষমতায় আসা এ সরকার ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তা নিরলসভাবে চালিয়ে যাচ্ছে।
মাহদী আমিন আরও উল্লেখ করেন, বিগত ১৬ বছরের শাসনের ফলে তৈরি হওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। নতুন এই যাত্রায় সরকার দেশের সকল নাগরিকের বাকস্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।



