Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: স্বামীর দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে স্ত্রী

তারা নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। পোশাকশ্রমিক খোকন সরকার (৫৪) মঙ্গলবার সন্ধ্যায় মারা যাওয়ার পর বুধবার সকালে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। দাফন শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায়, বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী ফজিলত বেগমও (৪০)।

খোকন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের বাসিন্দা, আর ফজিলত বেগমের বাড়ি পাশের উজানীজোড়া গ্রামে। দুজনেই নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের দুই সন্তান রয়েছে ছেলে ইউসুফ ও মেয়ে খাদিজা যারা ঘটনার সময় গ্রামের বাড়িতেই ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন খোকন-ফজিলত দম্পতি। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে চার দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর একে একে দুজনেরই মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরও নিজে মৃত্যুশয্যায় থাকা ফজিলত বেগম হয়তো জানতেই পারেননি যে কয়েক ঘণ্টা পরই তাঁকেও একই পথে যেতে হবে। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে উজানীকান্দি ও উজানীজোড়া দুই গ্রামই। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্বামীর কবরের পাশেই ফজিলত বেগমকে দাফন করা হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, শোকাহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

   

About

Popular Links

x