Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিবির নেতা জিসানের দুইদিনের রিমান্ড

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:১০ পিএম

ধর্ষণের মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ জুন) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জিসানের আইনজীবী মনির হোসেন পাটোয়ারী।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, “অভিযুক্ত জিসানের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।”

এর আগে, দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় জিসানকে গ্রেপ্তার দেখানো হয় গত ১২ জুন রাতে। কিন্তু ওই ছাত্রশিবির নেতা নিজেকে ‘অসুস্থ দেখিয়ে’ পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ জন্য তাকে গ্রেপ্তার করা হলেও আদালতে প্রেরণ করেনি পুলিশ। শেষে ১৬ জুন বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ঘটনার পর পুলিশের কর্মকর্তারা জানান, নির্যাতনের শিকার ওই নারীকে বিয়ে এড়াতে অপহরণের নাটক সাজিয়েছিলেন জিসান। এরপর নাটকীয়ভাবে উদ্ধার হয়ে চিকিৎসার জন্য আসেন হাসপাতালে। হাসপাতালে থাকা অবস্থায় ওই নারীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

দাউদকান্দি থেকে কথিত নিখোঁজ হওয়ার একদিন পর ১২ জুন রাত পৌনে ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ‘অচেতন’ অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরে ওইদিন রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, জিসানকে কেউ অপহরণ করেনি। তিনি আত্মগোপনে ছিলেন।

জিসান মিয়া (২৮) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

প্রসঙ্গত, জিসানকে উদ্ধারের খবর পাওয়ার পর ১২ জুন রাতে ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় করা মামলাটিতে মোট আসামি করা হয় চারজনকে। মামলায় ওই নারীকে একাধিকার ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ আনা হয়েছে।

জিসান ছাড়াও মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন আসামি হলেন সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)। তাদের সবার বাড়ি দাউদকান্দিতে। গত ১৩ জুন বিকেলে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x