Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে।

জানা গেছে, ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার খোকন (৫০) কে শনাক্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,
“ভিডিওটি দেখে আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করেছি। এ তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস ঢাকা ট্রিবিউনকে বলেন, “যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।“

   

About

Popular Links

x