সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।
একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রি-ডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রটিতে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।



