অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। এতে “অবহেলাজনিত মৃত্যুর” অভিযোগ আনেন সিরাজুল ইসলাম।
মামলার আবেদনপত্র সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুর মধ্যবর্তী সময়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় নয় মাস বয়সী মুসকান। তাকে দ্রুত স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানো হয় কিন্তু জ্বর নিরাময় হয়নি। তাকে মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মুসকানের শারীরিক অবস্থার ক্রমশ অবনতির প্রেক্ষিতে বাবা সিরাজুল তাকে ২২ মার্চ ভর্তি করেন। পরে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুসকান।
দেশে শিশুদের যথাযথ টিকার প্রকৃত যোগান সময়মত না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং অন্তর্বর্তী সরকারের মারাত্মক খামখেয়ালিপনা করে বলেও আবেদনপত্রে উল্লেখ করেন তিনি।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি।



