জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। “জুলাই পদযাত্রা” নামে এ কর্মসূচিতে নেই গোপালগঞ্জসহ আরো ৬ জেলা।
জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি।
এর আগে, শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তিনি বলেন, “এনসিপির আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাইয়ে আমরা দেশের ৬৪টি জেলা শহরগুলোকে সামনে রেখে জুলাই পদযাত্রা করেছিলাম। এর ধারাবাহিকতায় এ বছরও জুলাই পদযাত্রা আয়োজন করতে যাচ্ছে এনসিপি, এই পদযাত্রা দেশের ৬৪ জেলাকে স্পর্শ করবে।”
তবে সংবাদ সম্মেলনটির ঘণ্টাখানেক পর পদযাত্রার সংশোধিত পথনকশা প্রকাশ করা হয়। সেখানে গোপালগঞ্জসহ ছয় জেলার নাম পাওয়া যায়নি।
পদযাত্রায় গোপালগঞ্জসহ এই ৬ জেলার নাম না থাকা প্রসঙ্গে তিনি জানান, এনসিপির পক্ষ থেকে প্রথম ধাপে যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই উপজেলা ও পৌরসভাগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে সেই ছয়টি জেলা থেকে প্রার্থী ঘোষণা হয়নি বিধায় সেখানে এবার পদযাত্রা হচ্ছে না। দ্বিতীয় ধাপে আরো ১০০ প্রার্থী ঘোষণা করা হলে সেই জেলা ও উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করা হবে বলেও জানান তিনি।
তবে সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, এ বছর সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার ঘোষণা দেন সারজিস আলম।



