Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর নেওয়া সেই দুই অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে নির্যাতন, মারধর এবং জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ। গ্রেফতারকৃতরা হলেন, মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাতে বরিশাল নগরীর সদর রোডের অফিস কক্ষে ‘বাকলা ডেভলপারস প্রাইভেট লিমিটেডের’ চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে অবরুদ্ধ করে মারধর ও অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়।

পরবর্তীতে শনিবার (৪ জুলাই) রাতে এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে একটি অভিযোগ দায়ের করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ জানান, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম সকাল থেকেই অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে। পরে দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x