দেশের ৫ জেলায় আগামী কয়েক দিনে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
রবিবার (৫ জুলাই) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান ও অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে টেকনাফে ১৪৯ মিলিমিটার এবং কক্সবাজারে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের দক্ষিণ ত্রিপুরা ও আসাম অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, যা উজান থেকে পানি প্রবাহ বাড়িয়ে দিচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান অঞ্চলে বন্যা অব্যাহত থাকতে পারে।
এতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল আগামী তিন দিনে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদ-নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবিত হতে পারে।
অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কমলেও যাদুকাটা ও ভূগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি আগামী ৭২ ঘণ্টায় আবার দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।



