Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এ দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ভেতরে ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগে দুই শিশুর। তাদের দ্রুত উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এছাড়াও আরও একজন শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে সে শংকামুক্ত।

এ ঘটনার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে বৈদ্যুতিক তার মাদ্রাসার পাশের পুকুরে পড়েছিল। মাদ্রাসার  শিশুরা ফুটবল খেলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে দুই শিশুর  মৃত্যু হয়। আহত হয়ে অপর শিশু।

এদিকে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায়, নিহত শিশুদের মরদেহ ঘটনার পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x