Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাদার পেছনে পেছনে হাঁটছিল শিশুটি, হঠাৎ ভেসে গেলো নালার স্রোতে

 স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে ভেসে যেতে দেখেন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় নালার স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত ওই শিশুটির নাম মোহাম্মদ মোস্তাকিম। সে ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে। শিশুটি দাদার পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিলো বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল শিশুটি। 

দাদার পেছনে পেছনে যাওয়ার এক পর্যায়ে সড়কের পাশে পানি চলাচলের নালার স্রোতে পড়ে কিছুদূর ভেসে যায় সে। স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে ভেসে যেতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, শিশুটি তার দাদার পেছনে পেছনে একটি দোকানের দিকে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় পড়ে গিয়ে শিশুটি ভেসে যায়। পরে আমার গাড়িতে করেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। তবে তাকে বাঁচানো যায়নি।

   

About

Popular Links

x