Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাজারের দানবাক্সে পাওয়া চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কী লেখা আছে

দানবাক্স থেকে পাওয়া টাকা গোনার সময় চিঠিটি পাওয়া যায়

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

সিলেটের হজরত শাহজালাল মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স থেকে টাকা বের করে গণনা শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে পাওয়া টাকা গোনা হচ্ছিলো। এ সময় নগদ অর্থের পাশাপাশি চিঠিটি পাওয়া যায়।

চিঠির শুরুতে প্রেরক লিখেছেন, ‘‘প্রিয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কি না।’’ এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। তবে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।’’

চিঠিতে বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বিচার দীর্ঘসূত্রতায় না ফেলে দ্রুত নিষ্পত্তিরও দাবি জানানো হয়।

এছাড়া চিঠিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেরক। তিনি লিখেছেন, ‘‘বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০% মানুষ মাদকাসক্ত।’’

চিঠির শেষাংশে “বাংলাদেশকে ভালোবাসি” লেখার নিচে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে।


 

   

About

Popular Links

x