বান্দরবান শহরে মাত্র ৫০০ টাকার জন্য একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম, উচনু মারমা (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছে।
নিহত উচনু মারমা একই এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে। তারা একে অপরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাওনা ৫০০ টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উচিংনু তাকে বেধড়ক মারধর করেন। এতে উচনু মারমা আহত হয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত উচিংনু মারমা পালিয়ে যান, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন,“৫০০ টাকার বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”



