ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন স্থান থেকে নৌকা দিয়ে ড্রেজারের বালু এনে নদের এই তীরবর্তী জায়গা ভরাটের কাজ চলছিল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এসময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদীর তীরবর্তী জমি ভরাট করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলায় দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ওইসময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি হিসেবে মো. জাফর ইমাম আদালতে উপস্থিত থাকায় তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয় বলেও জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।



