Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

মায়ের সঙ্গে ঝগড়া, ৭ মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

রাজধানীর তুরাগের সিরাজ মার্কেট এলাকায় পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী কন্যাশিশু কবিতা (রাফা) কে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ভরণ-পোষণ ও সংসারের খরচ নিয়ে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী তাদের সাত মাসের মেয়েকে পা ধরে তুলে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

লিমা আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর তার স্বামীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। রাফাই ছিল তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. কবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x