রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের হামলায় ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল করিমকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঝুমুর আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহত ঝুমুর আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বিঘাই গ্রামে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই নাসির উদ্দিন জানান, ঘটনার সময় ঝুমুর তার দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় সাবেক স্বামী রেজাউল করিম তাদের অনুসরণ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করেন। বাসার ফটক দিয়ে প্রবেশের মুহূর্তে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন রেজাউল।
ঝুমুরের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ আহত ঝুমুরকে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, বিবাহবিচ্ছেদের পর ঝুমুর অন্য একজনকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন রেজাউল করিম। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।



