Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর মগবাজার-বাবুবাজারে ককটেল বিস্ফোরণ

মগবাজার মোড় জামে মসজিদের পাশে এ বিস্ফোরণ ঘটে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী, আগারগাঁও ও মহাখালীর পর এবার মগবাজার চৌরাস্তা ও বাবুবাজার ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচেও একটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।”

এর আগে সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার সামনে ঘটে যাওয়া একাধিক হাতবোমা বিস্ফোরণে অবশ্য একজন আহত হয়েছেন। ইবাদুর রহমান নামের ওই অটোরিকশাচালক শুক্রবার রাত পৌনে ৮টার দিকে থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের সময় আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লা গ্রামের বাসিন্দা ইবাদুর বর্তমানে মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।

প্রায় কাছাকাছি সময়ে সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও পৃথক হাতবোমা বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ। এর আগে দুপুরে জুমার নামাজের পরপরই মালিবাগ রেলগেট-সংলগ্ন সড়কে আরও দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।

এভাবে একদিনে ছয়টিরও বেশি স্থানে পরপর বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

   

About

Popular Links

x