টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, চক্রটি বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন দফায় ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ।
গ্রেপ্তার দুজন হলেন - কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া এলাকার মো. জুলহাস উদ্দিন (৩৯) ও করিমগঞ্জ উপজেলার গুনধর এলাকার প্রহর (২৮)।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহরকেও গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, মামলার বাদী মেহেদি হক নিয়নকে ২০২৫ সালের ২৪ আগস্ট টেলিগ্রামের একটি আইডি থেকে ‘জেলস’ নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট দেখে চাকরিতে আগ্রহী হলে প্রতারকরা একটি ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। সেখানে অনলাইনে অর্ডার সম্পন্ন করে কমিশন পাওয়ার সুযোগের কথা বলা হয়।
এরপর বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়। একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা বলে তার অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের মুনাফা দেখাতে থাকে চক্রটি।
পরে পরবর্তী অর্ডার সম্পন্ন করা এবং দেখানো মুনাফার টাকা তুলতে বিভিন্ন অজুহাতে আরও টাকা জমা দিতে বলা হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে বাদী কয়েক দফায় বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাঠান। এভাবে তার কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে জানিয়েছ সিআইডি।
এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন মেহেদি হক নিয়ন।
সিআইডি জানায়, মামলার তদন্তভার পাওয়ার পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। এর আগে কয়েক দফায় এই চক্রের আরও ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুলহাস উদ্দিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহরকেও গ্রেপ্তার করে সিআইডি।
গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।



