Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:২০ এএম

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বাড়ির বারান্দা থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহটির পাশেই কান্নাকাটি করছিল তার তিন মাসের শিশু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিমগাছি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজের পর প্রতিবেশীরা ওই নারীর পরিবারের সদস্যদের তার মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায়।  এরপর থেকেই স্বামীসহ পরিবারের সদস্যরা মরদেহটি ফেলে বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ওই নারীর মা জুলেখা বেগম ধুনট থানায় অপমৃত্যু মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে দিনমজুর বাহাদুর মোল্লা প্রায় তিন বছর আগে গাবতলী উপজেলার বড় ইটালী গ্রামের লাল মিয়া প্রামাণিকের মেয়ে নাম্মি আক্তার নিপাকে বিয়ে করেন। সংসারে অভাবের কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পারিবারিক কলহের কারণে ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্বামী ও পরিবারের সদস্যরা শিশুসন্তানটিকে মায়ের মরদেহর পাশে রেখে পালিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ওই নারীকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন- সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

   

About

Popular Links

x