Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবি আলেম-ওলামাদের 

এমপি পদ বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সাতক্ষীরাবাসী 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার সংসদ সদস্যপদ বাতিল করার দাবি জানিয়েছে আলেম-ওলামা ও তৌহিদী জনতা। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। দলীয় বহিষ্কারের পর এখন তার সংসদ সদস্য পদ থেকেও অপসারণের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’’ 

কর্মসূচিতে ওলামায়ে কেরামের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘‘একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগে শ্যামনগরসহ সারা দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’’ এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ ও হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা। 

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘‘উত্থাপিত অভিযোগের বিষয়ে অবিলম্বে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’ 

   

About

Popular Links

x