ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে চলতি বছরের জুলাই মাসে। বছরের অন্য মাসের তুলনায় জুলাইয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯,২০৬ জন, যাদের মধ্যে মারা গেছেন ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান ১৩ জন। এরপর জুলাইয়ে সেই সংখ্যা হয়েছে ৩৬ জনে।
মশাবাহিত এই জ্বরে আক্রান্তের সংখ্যাতেও একই ধারা দেখা গেছে। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ১,০৮১ জন। ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন আক্রান্ত হন। এরপর জুনে ২,৯০৭ জন থেকে জুলাইয়ে এক লাফে আক্রান্ত দাঁড়িয়েছে ৯,২০৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৫,৩১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।



