খুলনায় বটিয়াঘাটা উপজেলায় খাদ্য কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রবিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ফরাজীপাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস জানান, কেনাকাটা করে বের হওয়ার পরপরই ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এরপর এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে, খাদ্য বিভাগের একটি সূত্র দাবি করছে, জেলা খাদ্য অফিসের এক কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্ব থেকে হঠাৎ করেই মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে মিল মালিকদের একটি অংশের সাথেও বিভিন্ন সময়ে সুযোগ সুবিধার বিষয় নিয়ে মত পার্থক্য জোরদার হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে জব্দ করার পরিকল্পনায় এ হামলা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ আসলে হামলাকারীদের শনাক্ত করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।



