Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলা কিউআরে এক মাসে ১,৫০০ কোটি টাকার লেনদেন

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে দেশের মানুষ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

সারাদেশে এক মাসে প্রায় ৫৬ লাখ লেনদেনে বাংলা কিউআর (কুইক রেসপন্স) ব্যবস্থায় প্রায় ১,৫০০ কোটি টাকা লেনদেন হয়েছে। নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে মানুষ। লেনদেনের ধরন দ্রুত বদলে যাওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ১ জুলাই থেকে সারাদেশে একক ও সর্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর থেকেই এই ব্যবস্থায় লেনদেনে গতি রয়েছে।

তিনি আরও জানান, শুধু ২ থেকে ৮ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে প্রায় ১৭ লাখ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য প্রায় ৪৮৭ কোটি টাকা।

সর্বশেষ এক সপ্তাহের হিসাবে, প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার লেনদেন হয়েছে। প্রতিটি লেনদেনের গড় মূল্য ছিল প্রায় ২,৮৬৫ টাকা।

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে ভোক্তা ও ব্যবসায়ীদের নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে দৈনন্দিন কেনাকাটা ও অন্যান্য লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দিয়ে আসছে। সেই প্রেক্ষাপটে বাংলা কিউআরে লেনদেন বাড়ার এই প্রবণতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা কিউআর হলো এমন একটি একক কিউআর কোড, যা অংশগ্রহণকারী ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ দিয়ে স্ক্যান করে গ্রাহকরা অর্থ পরিশোধ করতে পারেন।

এর ফলে একটি দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্ন পেমেন্ট সেবাদাতার জন্য আলাদা আলাদা কিউআর কোড রাখতে হয় না। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষের জন্যই ডিজিটাল পেমেন্ট সহজ ও সুবিধাজনক হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই থেকে দেশে সার্বজনীন বাংলা কিউআর কোডের ব্যবহার বাধ্যতামূলক করেছে। দেশের সব মার্চেন্ট পয়েন্ট ও দোকানকে একটি একক ও সমন্বিত কিউআর কোড ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে হবে। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা এসব পেমেন্ট করতে পারবেন।

   

About

Popular Links

x