জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ছয়জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।



