শেরপুর সদর উপজেলার রামেরচর উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরুদ্ধে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৭৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২১ জন পাস করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাস করা ২১ শিক্ষার্থীদের সবাই শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষকদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। তার মাধ্যমে খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় দুটি দাবিতে সম্মতি দেওয়ার পর তালা খুলে দেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
দাবিগুলোর একটি হলো ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) খরচ শিক্ষকদের বহন করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, ২০২৭ সালে ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচও শিক্ষকেরা দেবেন।
এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। তার ভাষ্যমতে, পাঠদানে কোনো গাফিলতি করেননি শিক্ষকরা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রামেরচর উচ্চবিদ্যালয়টির শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষকদের তালাবদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে শিক্ষকদের উদ্ধার করা হয়।



