Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৬ মামলার আসামি শাপলা গ্রেপ্তার, মিলল টাপেন্টাডল-হেরোইন

৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০১:৫৬ এএম

বগুড়ার মাদক ব্যবসায়ী ও ১৬ মামলার আসামি শাপলা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগষ্ট) সকালে বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শাপলা বেগম বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। 

তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ইতিমধ্যে ১৬টি মামলা রয়েছে এবং তিনি এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর থানা পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে।

গত বছরের আগস্টে শাজাহানপুর থানার এক চুরির মামলার আসামি রনিকে গ্রেপ্তার করতে ডিবি পুলিশ চকসুত্রাপুর এলাকায় অভিযান চালালে শাপলা বেগম ও তার স্বামী আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি, রড ও বঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, যাতে তিন পুলিশ সদস্য আহত হন। সে সময়ও শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরে তিনি জামিনে ছাড়া পান।

সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x