বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (১৮ আগস্ট) তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
পিএসসির একজন সদস্য নিশ্চিত করে জানিয়েছেন, চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত কারণ জানা যাবে। বিষয়টিতে মন্তব্য নেওয়ার জন্য অধ্যাপক মোবাশ্বের মোনেমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতার পটপরিবর্তনের পর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির সকল সদস্য পদত্যাগ করেন। পরবর্তীতে ওই বছরের ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।



