পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (১৮ আগস্ট) অপরাহ্নে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন বলে জানা গেছে।
দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি অবহিত করেছেন এবং বিকেলে জনপ্রশাসনে চিঠি পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অব্যাহতির কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।
তবে পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগের পেছনে ভিন্ন সমীকরণও থাকতে পারে। নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জানান, সম্প্রতি পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় কমিশন, যা নতুন বিএনপি সরকারের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়নি। ফলে সরকারের মনস্তাত্ত্বিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মো. সোহরাব হোসাইনের পদত্যাগের পর ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।



