Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না’

সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এই নতুন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর কোনো ধরনের থ্রি-হুইলার যানবাহন চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও চাঁদাবাজি বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এই নতুন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার উঠতে পারবে না। কোনো অবস্থাতেই তারা মহাসড়কে উঠলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, নতুন প্রযুক্তি চালুর ফলে মহাসড়কে যে কোনো ধরনের চাঁদাবাজি, তা মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ যারাই করুক না কেন, ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থাকবে, যা চাঁদাবাজি বন্ধে বড় ভূমিকা রাখবে।

নতুন চালু হওয়া এই ‘অটো ফাইন সিস্টেমে’র মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো নিয়মভঙ্গ এআই ক্যামেরায় সাথে সাথে শনাক্ত হবে। নিয়ম ভাঙলেই গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার বিবরণ ও জরিমানার নোটিশ চলে যাবে। যা পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ আশা করছে, এই স্বয়ংক্রিয় ও স্বচ্ছ ব্যবস্থার ফলে সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমে আসবে এবং দূরপাল্লার যানবাহন চলাচলে সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সফলভাবে চালুর পর দেশের অন্যান্য মহাসড়কেও পর্যায়ক্রমে এই এআই ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

   

About

Popular Links

x