স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়া দিল্লি অপেক্ষা করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
বৈঠক শেষে ভারতের কোলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর বিষয়ে তাদের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়া দিল্লি অপেক্ষা করছে।



