শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
একই সঙ্গে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে আসতে শুরু করেছেন। আমন্ত্রণপত্র দেখিয়ে একে একে প্রবেশ করছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের।
শপথ অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে দেওয়া হয়েছে ডাইভারশন, নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন চলাচল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করতে থাকেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়েই শেষ হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বকাল।



