রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচত্বর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রবিবার (২৩ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার সকালে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলচত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।



