স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিনে থাকা ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) মাকে নিয়ে আদালতে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে হাজিরা দেন আলভী ও তার মা নাসরিন সুলতানা।
মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল এদিন। তবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বেলা পৌনে ১২টার দিকে পল্লবীর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই রাতেই মামলা করেন বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে ওই মামলায় অভিযোগ করেন তিনি। পরে খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।



