প্রায় ৯ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। এরপর জামালপুর থেকে বাস চলাচল শুরু হয়।
এর আগে, বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকার পথে কোনো বাস চলাচল করছিল না।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
স্থানীয় জনগণ ও শ্রমিক নেতারা জানান, গত ৩১ অগাস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৬ জন।
তাদের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।
এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে বাস দুটিতে ভাঙচুর করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো জামালপুর থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, “জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু দাবি মেনে নিয়েছেন, বাকিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। জামালপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কিছু দাবি ছিল। এর মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে। আর বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।”



ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা