Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

থানচিতে প্রধান শিক্ষককে অপহরণের অভিযোগ

অস্ত্রের মুখে তাকে নৌকায় তুলে নিয়ে যাওয়া হয়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৬১) অস্ত্রধারী একটি দল অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে তাকে নৌকায় তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, দুপুরের দিকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিদ্যালয়ে আসে। তারা প্রথমে বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষককে খুঁজতে থাকে। পরে পাশের একটি চায়ের দোকানে তাকে দেখতে পেয়ে পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারীরা তার মুঠোফোনও নিয়ে যায়।

কোনো সশস্ত্র দল প্রধান শিক্ষককে নিয়ে গেছে বা কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান উ নু থোয়াই মারমা।

পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর চাই অং প্রু মারমা তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তবে এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়েছে কি না, তা জানা যায়নি।

ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “দুপুর ১২টার দিকে একটি সশস্ত্র দল নাইন্দারীপাড়া স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে নৌকায় তুলে সাঙ্গু নদীপথে নিয়ে যায়। যাওয়ার সময় তারা অন্য শিক্ষকদের কাছ থেকেও মুঠোফোন নিয়ে যায়।“

ওসি আরও বলেন, “প্রধান শিক্ষককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।“

এদিকে, সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দিনের বেলায় একজন প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় থানচির দুর্গম এলাকায় কর্মরত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

   

About

Popular Links

x